সরকারি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ‘এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট’ প্রোগ্রামে অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশের ১১ জন জ্যেষ্ঠ কর্মকর্তা। এদের মধ্যে একজন অতিরিক্ত সচিব এবং ১০ জন যুগ্ম সচিব রয়েছেন। এ বিষয়ে গত ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি সরকারি আদেশ জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিদেশ প্রশিক্ষণ শাখা থেকে প্রকাশিত আদেশে জানানো হয়, এই কর্মকর্তারা পাকিস্তানের লাহোরে অবস্থিত ‘সিভিল সার্ভিসেস একাডেমি’-তে আয়োজিত একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণটি আগামী ৪ মে থেকে শুরু হয়ে ২১ মে ২০২৬ পর্যন্ত চলবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, কর্মকর্তারা আগামী ৪ মে বা তার কাছাকাছি সুবিধাজনক সময়ে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করবেন। এই সফর ও প্রশিক্ষণের যাবতীয় ব্যয়ভার বহন করবে পাকিস্তান সরকার, যার ফলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো অর্থ ব্যয় হবে না।
প্রশিক্ষণকাল এবং যাতায়াতের সময়কে কর্মকর্তাদের দাপ্তরিক দায়িত্ব হিসেবে গণ্য করা হবে। সফর শেষে দেশে ফিরে তাদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে যোগদানের পাশাপাশি পাঁচ কার্যদিবসের মধ্যে প্রশিক্ষণ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
newsco24.com সবার আগে সত্যের সাথে