Breaking News

গির্জায় দুর্ধর্ষ লুট: ফাদারকে বেঁধে টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

রাজধানীর বারিধারায় ‘ডি মাজেন্ড গির্জায়’ ঢুকে পরিচালক ফাদারের হাত-পা ও মুখ বেঁধে আড়াই লাখ টাকা লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত মঙ্গলবার গভীর রাতে দেয়াল টপকে ভেতরে ঢুকে এই দুর্ধর্ষ দস্যুতার ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—আবুল হোসেন রতন ওরফে হাবু (৩৬), মোহাম্মদ নিজাম ওরফে মিজান (৩৭) এবং আক্তার হোসেন মনা ওরফে মনির (৩৮)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সবাই মাদক ও অনলাইন জুয়ায় চরমভাবে আসক্ত। মূলত জুয়া ও মাদকের টাকা জোগাড় করতেই তারা এই দস্যুতার পরিকল্পনা করেন। আজ শুক্রবার ভাটারা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ জানান, গত ২৮ এপ্রিল রাত আড়াইটার দিকে মাস্ক পরা অবস্থায় দুজন দুষ্কৃতকারী গির্জার ভেতরে ঢোকে। প্রথমে কর্মচারীদের কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে তারা ফাদার সুবাস পুলক গোমেজের অফিস রুমের গ্রিল কাটে। পরে ফাদারের হাত-পা বেঁধে আড়াই লাখ টাকা, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র লুট করে তারা পালিয়ে যায়।

তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একটি সন্দেহজনক ব্যাটারিচালিত রিকশা শনাক্ত করা হয়। কয়েক হাজার রিকশা যাচাইয়ের পর চালক আক্তার হোসেনকে মুগদা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর ও রাজধানীর খিলক্ষেত থেকে বাকিদের গ্রেপ্তার করা হয়। পুলিশ তাদের কাছ থেকে লুণ্ঠিত ২ লাখ ৪৮ হাজার টাকা, ১টি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আবুল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। এছাড়া মিজান ও আক্তারের বিরুদ্ধেও দস্যুতা ও মাদকের মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Check Also

১৫ আগস্টকে ঘিরে সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী, শতাধিক গ্রেফতার

১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে দেশজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *