Breaking News

ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যু: শিক্ষক সুদীপ চক্রবর্তী কারাগারে, জামিন নামঞ্জুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় এদিন আসামি সুদীপ চক্রবর্তীকে আদালতে হাজির করা হয়। শুনানিকালে তদন্তকারী কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান।

আবেদনে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৩টা ২০ মিনিটে উত্তর বাড্ডা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে মামলার সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়।

তদন্ত কর্মকর্তার দাবি, মামলার সুষ্ঠ তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে আপাতত কারাগারে রাখা প্রয়োজন। এছাড়া, তদন্তের অগ্রগতির জন্য ভবিষ্যতে রিমান্ডের প্রয়োজন হতে পারে বলেও উল্লেখ করা হয়।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী তার জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, রবিবার রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসা থেকে মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও পাওয়া যায়, যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

Check Also

হামে আক্রান্ত ৪৭ হাজার ছাড়াল, সবচেয়ে বেশি বিপর্যস্ত ঢাকা বিভাগ

দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর মিছিল কোনোভাবেই থামছে না। গত ২৪ ঘণ্টায় সারাদেশে এই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *